চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন, চাঁদপুর ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) অনুষ্ঠিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসন, হাজীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ৬ক দন্ড ১৫(১) এর ৪ (খ) ধারা লঙ্ঘনের অভিযোগে মোঃ শরিফ (৩০) নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ইজি বাইক থেকে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় হাজীগঞ্জ থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, মজুদ ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ রক্ষায় সরকার নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং পরিবেশ অধিদপ্তর নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করবে বলে তিনি জানান।
ক্যাপশন: জব্দকৃত পলিথিন




















