ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুরে ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একত্র হয় সকল ছাত্র সংগঠন। শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) দুপুর ২টায় চাঁদপুর শহরের শাহিদ জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের সূচনা হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে, পাঠ করেন হাফেজ মাহামুদুল রহমান। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ।
সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল, ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর শহর সেক্রেটারি আহমেদ তানজিল ত্বহা, ছাত্র শিবির জেলা সভাপতি মোঃ ইবরাহীম খলিল, শহর সভাপতি মোঃ মহররম আলী, এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ সাকিবুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে নয়, ঈমানী দায়িত্ববোধ থেকে এখানে একত্র হয়েছি।” তিনি স্লোগানে বলেন, “তুমি কে? আমি কে? ফিলিস্তিন! ফিলিস্তিন!”
বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারি ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহজান মিয়া। তিনি বলেন, “আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো আমাদের সামর্থ্য অনুযায়ী এবং ইসরায়েলি পণ্যের বর্জনের আহ্বান জানাচ্ছি।”
ছাত্রদল, ছাত্র আন্দোলন, মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই সমাবেশে অংশ নেন। মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিশন রোড ও বাসস্ট্যান্ড হয়ে আবার মসজিদ চত্বরে ফিরে আসে।
শেষে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চিত্র প্রদর্শনী এবং কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।




















