চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সোহেল গাজী (৩০), মোঃ খালেক গাজী (৫০) ও মোশাররফ হোসেন পিঠু (৩৫)। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়ভাবে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা পূর্ব থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল। অভিযানে তাদের কাছ থেকে পাওয়া মাদকদ্রব্যসহ প্রয়োজনীয় আলামত ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে আইনানুগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।
চাঁদপুর জেলায় মাদক নির্মূলে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।




















