চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা—যেখানে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সদস্যদের কল্যাণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় গুরুত্বের সঙ্গে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা উপস্থাপনা করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর।
পুলিশ সদস্যদের পেশাগত মনোবল, কল্যাণমূলক প্রস্তাব, কর্মপরিবেশ এবং সুযোগ-সুবিধা নিয়ে সভায় আলোচনা হয়। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের উদ্দেশে দায়িত্বশীলতা, মানবিক আচরণ এবং সেবার মান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
দুপুরের পর জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
সভায় জেলার সাম্প্রতিক অপরাধ প্রবণতা, মামলার অগ্রগতি, গুরুত্বপূর্ণ অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা (হাজীগঞ্জ সার্কেল), মো. আব্দুল হান্নান রনি (সদর সার্কেল), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন সাঈদী ও শারমিন রহমান, জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় কর্মকর্তাদের উদ্দেশে পেশাদারিত্ব বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা উঠে আসে।
এ ধরনের মাসিক সভা মাঠপর্যায়ে কাজ করা সদস্যদের মধ্যে দিকনির্দেশনা, উৎসাহ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















