চাঁদপুর শহরের পুরান বাজারে ভেজাল খাদ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, এক ব্যবসায়ী কাঁচা কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে তা পাকিয়ে বিক্রির চেষ্টা করছিলেন। এ অপরাধে মোক্তার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পচা মরিচ ভাঙিয়ে বাজারে বিক্রি করায় ইউসুফ খানকে ২০ হাজার টাকা এবং হলুদের সঙ্গে রঙ মিশিয়ে বিক্রি করায় দুলাল সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়—প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ভেজাল ও নকল পণ্য বিক্রি থেকে বিরত থাকা, ন্যায্য দামে পণ্য বিক্রি এবং ক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে ক্যাবের প্রতিনিধি ও পুলিশের একটি দল সহায়তা করে। অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।




















