চাঁদপুরের কচুয়ায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের প্রচণ্ড শব্দে বিশখা রানী সরকার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের পূর্ব বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশখা রানী সরকার নাহারা গ্রামের হরিপদ সরকারের স্ত্রী। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার ও স্থানীয়রা জানান, সকালে ফসলি জমি থেকে ধান আনতে বাড়ি থেকে বের হন বিশখা রানী। এ সময় হঠাৎ করে শুরু হয় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত। পথে বজ্রপাতের বিকট শব্দে তিনি আতঙ্কিত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত নারীর শরীরে বজ্রপাতের সরাসরি আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের প্রচণ্ড শব্দ ও আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
এদিকে বিশখা রানী সরকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।
চিকিৎসক ও স্থানীয় প্রশাসন বজ্রপাতের সময় জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। আকাশে কালো মেঘ দেখলেই খোলা মাঠ, উঁচু গাছপালা ও বিদ্যুতের খুঁটির কাছ থেকে দূরে থাকার এবং ঘরের ভেতর অবস্থান করার পরামর্শ দেন তারা।
বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতামূলক প্রচারণা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।




















