চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাজনাখাল গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল গ্রামে এই ঘটনা ঘটে। হঠাৎ একটি পাগলা কুকুর এলাকায় ঢুকে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে, এতে শিশুসহ অন্তত ১১ জন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে সাতজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তারা হলেন মোসাম্মৎ তাবিয়া ইবনে সেবা, মো. হাবিবুর রহমান প্রধানিয়া, মো. রাফসান হোসেন, মো. কাউসার হোসেন, মোসাম্মদ হুজাইফা আক্তার, মো. আবু জাফর এবং আরও একজন। বাকি আহতরা জেলা সদরসহ অন্যান্য স্থানে চিকিৎসা নিয়েছেন।
তবে হাসপাতালে ভ্যাকসিন না থাকায় রোগীদের অনেকেই সমস্যায় পড়েন। এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ রবিউল আলম সবুজ বলেন,
“ভ্যাকসিন একমাত্র সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে সাপ্লাই আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সাপ্লাই নেই বলে রোগীরা বাইরে থেকে ক্রয় করে আনতে হয়।”
ফলে নিম্নবিত্ত পরিবারগুলোর ভ্যাকসিন সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ কেউ ভ্যাকসিনের অভাবে অন্যত্র রওনা হয়েছেন, আবার অনেকেই নিজের খরচে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করেছেন।
এছাড়াও কুকুরের কামড়ে গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত প্রাণীরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটির পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুরা বাইরে যেতে ভয় পাচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত পাগলা কুকুর নিধনের ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা পর্যায়ে পর্যাপ্ত র্যাবিস ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হোক।





















