দক্ষিণাঞ্চলের জনপদ লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। দীর্ঘদিন অবহেলিত থাকা রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক অবশেষে স্ট্যান্ডার্ড ২ লেনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উন্নয়ন প্রকল্প নিয়ে এক স্টেকহোল্ডার সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ রবিন শীষ।
সভায় সড়ক ও জনপথ বিভাগের কনসালটেন্ট প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান জানান, “প্রাথমিক পর্যায়ে রামগঞ্জ জোড় কবর থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত ২ কিলোমিটার সড়ক ৩৪ ফুট প্রশস্ত করে পিচঢালাই করা হবে। এর মধ্যে ২৪ ফুট থাকবে প্রধান যান চলাচলের জন্য এবং ১০ ফুট বরাদ্দ থাকবে সিএনজি, রিকশা ও পথচারীদের জন্য।”
তিনি আরও জানান, এই উন্নয়ন কাজের ধারাবাহিকতায় পুরো রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক পর্যায়ক্রমে চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা লক্ষ্মীপুর থেকে গৌরিপুর পর্যন্ত বিস্তৃত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
জেলা বিএনপি নেতা আবদুর রহিম ভিপি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা এবং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লাও আলোচনায় অংশ নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
প্রকল্প বাস্তবায়নে পরামর্শক হিসেবে কাজ করছে প্রোসয়েল ফাউন্ডেশন কনসালটেন্ট এবং কার্যক্রম তদারক করছে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগ।
জনমনে আশাবাদ—নতুন সড়ক বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আসবে যুগান্তকারী পরিবর্তন, বাড়বে বাণিজ্যিক সম্ভাবনাও।




















