নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুই সন্ত্রাসী আটক করেছে পুলিশ। আটকদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল,১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি পাওয়া গেছে।
রবিবার (৫ মে) রাত সাড়ে ৩ টার সময় নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকা হতে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
আটক সন্ত্রাসীরা হলো: নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই থানার গোপালের সজীব (২৩)। তারা উভয় খানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন।
পুলিশ সুত্রে জানা গেছে, গতরাতে থানা পুলিশের (এএসআই) ইলিয়াস সঙ্গী ফোর্স নিয়ে রাউন্ড ডিউটি করাকালীন সময়ে আটকদের সন্দেহ হলে তল্লাশির জন্যে থামানোর চেষ্টা করে। তখন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি পালিয়ে যাওয়ার সময়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর জন্য পিস্তল তাক করেন। একপর্যায়ে পুলিশের অতিরিক্ত ফোর্সের সহযোগিতায় ধরতে সক্ষম হন।
স্থানীয় সুত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা নারায়ণগঞ্জ:৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচয়। তারা আজমেরীর ছত্রছায়া থেকে খানপুর এলাকায় মাদক,সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।
(ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আটকরা খানপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করতো। তাদের বিরুদ্ধে আমাদের থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে। এদের আটক করতে গেলে পুলিশকে গুলি করার চেষ্টা করে।
তাদের থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি দেশী নাকি বিদেশি এখনও নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




















