আসন্ন ঈদুল-আযহা উপলক্ষ্যে মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নের অসহায়-দুস্থ মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার (২৪ মে ২০২৫) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান হাসমত আলী প্রধান।
এর আগে সংক্ষিপ্ত সভায় প্যানেল চেয়ারম্যান হাসমত আলী প্রধান বলেন, অসহায় দুস্থ পরিবারগুলো যাতে ঈদের আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারে, সে ব্যাপারে সরকার সচেতন। এজন্যই সরকার অসহায় পরিবারগুলোকে ভিজিএফের আওতায় চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। এর ফলে এ অসহায় পরিবারগুলো ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ পাবে।
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দিপু, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান ও ইউপি সদস্য মানিক মিয়াজী, সিদ্দিক মিয়াজী, সবুজ মিজি, মোহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার, অলিফা বেগম। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















