চাঁদপুরের হাজীগঞ্জে টিনের চালা থেকে বল কুড়াতে গিয়ে বিদ্যুপৃষ্টে মো. সাইফ বিন আনোয়ার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ মে) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিন বিকালে সে হাজীগঞ্জ বাজারস্থ আহমাদিয়া কামিল মাদরাসার টিনশেড ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
মারা যাওয়া মো. সাইফ বিন আনোয়ার হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার কাসারি বাড়ির মো. আনোয়ার হোসেন লিটনের একমাত্র ছেলে। সে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও হাজীগঞ্জ বাজারস্থ আহমাদিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী।
জানা গেছে, এদিন বিকালে অন্যান্য শিশুদের সাথে বল নিয়ে খেলাধূলা করছিলো সাইফ। খেলাধূলার এক ফাঁকে বলটি মাদরাসার টিনের চালায় আটকে যায়। এসময় চালায় ওঠে বলটি নামিয়ে আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে পড়ে। তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লায় রেপার করেন এবং এদিন রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফ। বিষয়টি নিশ্চিত করেছেন, নিহতের প্রতিবেশি ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী হাফেজ মো. মহসিন।
এদিকে শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্টের খবর পেয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যান ঘটনাস্থলে এসে মাদরাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। ধারণা করা হচ্ছে, সর্ট-সার্কিট কিংবা বিদ্যুতের তার (ক্যাবল) ছিড়ে মাদরাসার চালার টিন বিদ্যুতায়িত হয়ে পড়ে। যার কারণে, চালা থেকে বল নামিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সাইফ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় সাইফ বিন আনোয়ারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলসহ শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।




















