চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর এলাকায় ভোররাতে যৌথ বাহিনীর হঠাৎ অভিযানে ধরা পড়েছে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার (২৮ মে) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে আটক করা হয় আবু সাঈদ সরদার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সূত্র জানায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুরে যৌথ বাহিনীর সমন্বয়ে অবৈধ অস্ত্র, মাদক এবং সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজকের এই সফল অভিযানটি পরিচালিত হয়।
আটকের পর আবু সাঈদ সরদার ও তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




















