লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ২০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে রামগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
অভিযানে মনোয়ারা মেডিকেল হলকে ১৫ হাজার টাকা, লাজ ফার্মা মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা, এবং রহমত মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন,
ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া, চিকিৎসকদের জন্য বরাদ্দ ফিজিশিয়ান স্যাম্পলও অবৈধভাবে বিক্রি করছিল তারা। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে কোনো ফার্মেসিতে অবৈধ কার্যকলাপ সহ্য করা হবে না। এসব অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এসময় স্থানীয় জনসাধারণ এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















