দেশে অনলাইন জুয়ার ব্যাপকতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, যার ফলে সমাজে নৈতিক অবক্ষয় ও দুর্নীতির মাত্রা বাড়ছে। এই প্রেক্ষাপটে অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন এই নির্দেশনায় দেশের সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) ও পেমেন্ট সার্ভিস অপারেটরদের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তদারকির আওতায় সংশ্লিষ্ট সকল মার্চেন্ট ও সাধারণ গ্রাহকের কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে। এ ক্ষেত্রে AI ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে লেনদেন বিশ্লেষণ করতে হবে, যাতে অনলাইন জুয়া সংশ্লিষ্ট কোনো কার্যক্রম দ্রুত শনাক্ত করা যায়। সন্দেহজনক গ্রাহকের ক্ষেত্রে প্রয়োজনে সরেজমিন তদন্তের কথাও উল্লেখ করা হয়েছে।
যে কোনো বড় ধরনের বা সাধারণ গ্রাহক যদি এমন অপরাধে জড়িত থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, গ্রাহকদের মধ্যে অনলাইন জুয়ার ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালাতে বলা হয়েছে। গ্রাহক তার ব্যবসা পরিচালনার যে ঠিকানা বা ভৌগোলিক অবস্থান দেখিয়েছে, তা যাচাই করে নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এই নির্দেশনার আওতায় ২১ মে ২০২৫ তারিখে প্রণীত ‘সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স, ২০২৫’ মেনে চলাও বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং দেশের আর্থিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।




















