বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপে জরুরি মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী প্রধানের নির্দেশনায় এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ‘বানৌজা সমুদ্র জয়’ জাহাজ থেকে এক হাজার পরিবারের মাঝে চাল, শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া ‘বানৌজা প্রত্যয়’ জাহাজের ব্যবস্থাপনায় স্থানীয় বিএন ইসলামিক স্কুল মাঠে একদিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়, যেখানে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান।
নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল নারী, শিশু ও বৃদ্ধদের বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন।
প্রয়োজনে আরও সহায়তার আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ জানান, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেন্টমার্টিনে ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, দুর্যোগকালীন সময়ে দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে মানবিক সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর এই ধরনের ভূমিকা স্থানীয় জনগণের আস্থা ও সুরক্ষা নিশ্চিত করছে।




















