সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে দিনব্যাপী এক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। আজ মঙ্গলবার (৩ জুন) নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে এবং বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির ব্যবস্থাপনায় উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসা ক্যাম্পে বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল লালুয়া ও আশপাশের এলাকা থেকে আগত তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। রোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধও। ক্যাম্পে সাধারণ রোগ ছাড়াও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা শেষে স্থানীয়দের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি দেখা যায়। এলাকাবাসী বাংলাদেশ নৌবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী।




















