নারায়ণগঞ্জ আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ জুন ২০২৫) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এই মোবাইল কোর্ট পরিচালনায় নারায়ণগঞ্জ বিআরটিএ-র সার্বিক সহায়তা ছিল। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৬৬, ৮০, ৯২(১), ও ৯৯ অনুযায়ী মোট ৭টি মামলায় ৭,৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট না পরা, লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকা, ট্যাক্স টোকেন অনুপস্থিত থাকা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের মতো নানা অনিয়ম ধরা পড়ে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান বলেন, “সড়ক পরিবহন আইন কার্যকরভাবে প্রয়োগ ও ঈদযাত্রা নিরাপদ করতে এই অভিযান পরিচালিত হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ।”
তিনি আরও জানান, “চালক, মালিক এবং পরিবহন সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে যাতে যাত্রীসেবা নিয়ম-নীতি ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে।”
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে ঘিরে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে জেলা জুড়ে মোবাইল কোর্ট ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা আরও জোরদার করা হবে।




















