সিলেট অঞ্চলে টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। বিশেষ করে দিগলবাগ ইউনিয়নের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়, ফলে স্থানীয় শতাধিক মানুষ একটি বিদ্যালয়ে আশ্রয় নিতে বাধ্য হন।
মানবিক সহায়তার অংশ হিসেবে আজ বুধবার বাংলাদেশ সেনাবাহিনী বানিয়াচং, হবিগঞ্জ আর্মি ক্যাম্প থেকে ওই আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে। সেনাবাহিনীর একটি বিশেষ দল সকাল থেকেই খাদ্য বিতরণের কার্যক্রমে অংশ নেয় এবং তা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষদের সহায়তা অব্যাহত থাকবে। তারা আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জাতীয় সংকট মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।”
স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত একজন বৃদ্ধ বলেন, “আমরা কয়েকদিন ধরে কষ্টে ছিলাম। আজ সেনাবাহিনীর খাবার পেয়ে মনে হচ্ছে কেউ আমাদের পাশে আছে।”
উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বর্ষণে সিলেট বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে গেছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছে।




















