চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সমন্বয়ে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মোট ৬০টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪ জন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে মোট ২৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ৩টি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।
যৌথ বাহিনী জানায়, ফিটনেসবিহীন যানবাহন, হেলমেট ছাড়া চালানো, অতিরিক্ত গতিসহ নানা ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং আইনের শাসন বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















