হাজীগঞ্জের আবিদা স্পোর্টিং ক্লাব রামগঞ্জে গিয়ে ফুটবল খেলায় জয়লাভ করেছেন। গত বুধবার বিকেলে নোয়াগাঁও জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয় মাঠে এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয় পশ্চিম নোয়াগাঁও স্পোর্টিং ক্লাব ও হাজীগঞ্জ দক্ষিণ অঞ্চলের সামাজিক সংগঠন জয়শরা আবিদা স্পোর্টিং ক্লাব। জমজমাট এই খেলায় আবিদা স্পোর্টিং ক্লাব ২-১ গোলে পশ্চিম নোয়াগাঁও স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক। এসময় তিনি বলেন, “এমন আয়োজন আমাদের যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক অনন্য উদ্যোগ। খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি যুবকদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। আজকের এই খেলা ছিল কেবল একটি প্রীতি ম্যাচ নয়, বরং এটি ছিল এলাকার ঐক্য, বন্ধন এবং ক্রীড়া সংস্কৃতির প্রতিফলন। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার জন্য এবং অংশগ্রহণকারী দুই দলকেও অভিনন্দন জানাই তাদের চমৎকার পারফরম্যান্সের জন্য। আশা করি ভবিষ্যতেও এমন আরও উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে আমাদের তরুণরা খেলাধুলার মাধ্যমে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: মুন্না খান, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. মাহতাব চৌধুরী শরীফ, আবিদা স্পোটিং ক্লাবের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মো. ফারুক ভূঁইয়া ও মো. মামুন তালুকদার এবং জয়শরা মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. এরশাদ পাঠান।
খেলা শেষে আবিদা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মো. আবদুল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “জয়ের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। এই জয় শুধু খেলোয়াড়দের নয়, এটি পুরো এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল।”
ক্লাবের পরিচালক জনাব মো: মতিউর রহমান চৌধুরী খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তোমাদের সুন্দর খেলার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আরও ভালো খেলা উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”




















