চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে তালিকাভুক্ত একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৭০ গ্রাম গাঁজা, ৮ পিস ইয়াবা ও নগদ ১০,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
১৩ জুন ২০২৫, ভোর ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে শাহরাস্তি উপজেলার সুয়াপাড়া এলাকা থেকে মোস্তফা (৬১) এবং ফকির হোসেন (৩৫) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৭০ গ্রাম গাঁজা, ৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০,৫০০ টাকা। অভিযানের পরপরই গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চাঁদপুর জেলায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে অব্যাহতভাবে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী যৌথ বাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করছে।




















