নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল কুখ্যাত অপরাধী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল। তার একান্ত সহযোগী ছিল ফজলুল হক ফজু। এ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
১৩ জুন ২০২৫ তারিখ ভোরে র্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল কুমিল্লা জেলার দাউদকান্দি থানার টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এই অভিযানে র্যাবের ঢাকা ইন্টেলিজেন্স উইং সক্রিয়ভাবে সহায়তা করে।
গ্রেফতার হওয়া সোহেল মেম্বার নারায়ণগঞ্জ জেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। স্থানীয় পর্যায়ে মাদক ব্যবসা, সন্ত্রাস, অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির মতো অপরাধে সে সক্রিয়ভাবে জড়িত ছিল। সময়ের সাথে সে এলাকায় ‘ফেন্সি সোহেল’ নামে পরিচিতি পায়। তার পরিবারের অন্যান্য সদস্যরাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকার মানুষ তার ভয়ে নীরব থাকতো এবং যারা প্রতিবাদ করতো, তাদের ওপর চালানো হতো নির্মম নির্যাতন।
তার সহযোগী ফজলুল হক ফজুও একই এলাকার বাসিন্দা এবং সোহেলের সকল অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। তাদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাস, মাদক, অপহরণ, ছিনতাই ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। ফেন্সি সোহেলের বিরুদ্ধে ১৪-১৫টি এবং ফজুর বিরুদ্ধে ৪-৫টি মামলা বিভিন্ন থানায় রয়েছে।
র্যাব-১১ এর তথ্য অনুযায়ী, এই দুই অপরাধী দীর্ঘদিন ধরেই মাদক ক্রয়-বিক্রয়সহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। র্যাবের গোয়েন্দা নজরদারি ও নিরবিচ্ছিন্ন তথ্য সংগ্রহের ফলে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।




















