বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “আবাসিকের ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও গ্যাস সংযোগের কোনো সম্ভাবনা নেই।” তিনি বাসাবাড়িতে গ্যাস সংযোগকে অপচয় উল্লেখ করে বলেন, “জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত জরুরি।”
শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলা গ্যাসফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, “আমরা আবাসিকে নতুন সংযোগ দিচ্ছি না। যেখানে শিল্প ও বিদ্যুৎখাতে গ্যাসের চাহিদা বেড়েই চলেছে, সেখানে বাসাবাড়িতে সংযোগ দেওয়া অযৌক্তিক।”
তবে জনগণের দুর্ভোগ লাঘবে সরকার বিকল্প চিন্তা করছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “গ্যাস উৎপাদনকারী এলাকাগুলোতে সাধারণ মানুষের জন্য কম দামে গ্যাস সিলিন্ডার দেওয়ার পরিকল্পনা রয়েছে। যেখানে বেসরকারি গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ১৪শ টাকা, আমরা সেখানে মাত্র ৮০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেব। এটি খুব শিগগিরই চালু হবে।”
উল্লেখ্য, দেশে গ্যাসের মজুত সংকুচিত হওয়ায় বিগত কয়েক বছর ধরে আবাসিকে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। সরকার বর্তমানে গ্যাস সংরক্ষণে শিল্প, বিদ্যুৎ ও সারখাতকে অগ্রাধিকার দিচ্ছে।




















