তথাকথিত ‘প্রহসনের নির্বাচন’ আয়োজনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং পরে আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার, নূরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অংশ নেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর। শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগের দিন, রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত অবস্থায় তাকে আটক করে বিক্ষুব্ধ জনতা জুতার মালা পরিয়ে দেয়।
মামলাটি করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি রোববার সকালে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেন। এজাহারে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার—কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘প্রহসনে’ পরিণত করেছেন।


























