দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬ জনে।
একই সময়ে নতুন করে আরও ৩২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া দুইজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৬০ বছর এবং অন্যজনের বয়স ৩৭ বছর।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া ঢাকা মহানগরে ভর্তি হয়েছেন ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৩ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ৬ জন করে এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ৮৭০ জন। মারা যাওয়া ৩৬ জনের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বাড়ছে, যার ফলে ডেঙ্গু সংক্রমণও ঊর্ধ্বমুখী। জনসচেতনতা ও স্থানীয় পর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।



















