চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান অধিভুক্ত বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ১৬৯টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান।
এছাড়া সুবিধাভোগী কৃষক আলহাজ্ব মনির হোসেন প্রধান, কৃষক জাহাঙ্গীর হোসেন ও কৃষক মোঃ বশির মোল্লা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে উৎপাদন খরচ কমানো, শ্রম ও সময় সাশ্রয় এবং কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষি যন্ত্রপাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো গেলে কৃষি উৎপাদনে আরও গতি আসবে।
কৃষি যন্ত্রপাতি পাওয়ায় সুবিধাভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এসব যন্ত্রপাতি কৃষিকাজকে সহজ করার পাশাপাশি সময় ও শ্রম কমাতে সহায়তা করবে। একই সঙ্গে আধুনিক কৃষি ব্যবস্থাপনায় কৃষকদের আরও আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















