ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র ও জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আয়োজনের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (৩০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে জানানো হয়, আগামী ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, বাদ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একইসঙ্গে দেশের সকল মন্দির, গীর্জা ও প্যাগোডায় সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সরকারি এ উদ্যোগের মাধ্যমে ঐতিহাসিক সেই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে সারাদেশের ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে প্রার্থনায় অংশ নেবেন। এ আয়োজন জাতির ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও একবার মনে করিয়ে দেবে।
ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব কর্তৃক স্বাক্ষরিত এই নির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানসমূহকে সময়মতো আয়োজন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রার্থনার এ উদ্যোগে দেশের সকল ধর্মের মানুষ মিলিতভাবে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এটি জাতীয় ঐক্য ও শান্তির প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















