বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের আয়োজনে এক গুরুত্ববহ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত ৯টায় রাজধানী মানামার একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী।
সভায় সূচনালগ্নে ২০২৪ সালের জুলাই মাসে গণআন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের স্বার্থে জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে আহত ছাত্রছাত্রীসহ সকলে জন্য দোয়া করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, প্রবাসীদের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার রোধে করণীয় বিষয়েও মতামত তুলে ধরা হয়। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য দেশের মূলধারার গণমাধ্যমে আরও ফলপ্রসূভাবে উপস্থাপন করার ওপর জোর দেওয়া হয়।
সভায় অংশগ্রহণ করেন যমুনা টিভি বাহরাইন প্রতিনিধি স্বপন মজুমদার, ডিভিসি নিউজের নোমান সিদ্দিকী, বাংলাটিভির প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, বিডিনিউজ২৪.কম প্রতিনিধি দেব সুকান্ত, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মাহির তালুকদার, কিউ টিভির মোহাম্মদ মনির হোসেন। এছাড়া টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন চ্যানেল কর্ণফুলীর বাহরাইন প্রতিনিধি ফয়জুল ইসলাম ফয়সালসহ আরও অনেকে।
সাধারণ সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়—সংগঠনভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও প্রভাবশালী করতে শিগগিরই নতুন কর্মসূচি ও প্রকল্প গ্রহণ করা হবে।




















