চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁওয়ে মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে এক জাঁকজমকপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘ। শুক্রবার (৪ জুলাই ২০২৫) বাদ জুমা অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন উদয়ন সংঘের সভাপতি শাহরিয়ার মামুন ও সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন রাজু। কর্মসূচিতে সংঠনের নেতৃবৃন্দের পাশাপাশি অংশ নেন রাজারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহাদাত হোসাইন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মোঃ ইয়াসিন মোল্লা ও আল ইমরান হোসাইন, প্রখ্যাত আলেম মুফতি মাজহারুল ইসলাম, সমাজসেবক হাসানাত পাটোয়ারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মাদকের ভয়াবহতা ও সামাজিক ক্ষতির দিক তুলে ধরেন এবং এই বিপদ থেকে যুবসমাজকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা মাদককে ‘পারিবারিক ও সামাজিক বিষফোঁড়া’ হিসেবে আখ্যায়িত করে বলেন, সচেতনতা, দায়িত্ববোধ এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব।
সমাবেশ শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ করানো হয়। শপথে অংশগ্রহণকারীরা মাদককে না বলার অঙ্গীকার করেন এবং অন্যদেরও এই পথ থেকে দূরে রাখতে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে, যেন রাজারগাঁওসহ পুরো হাজীগঞ্জ একটি মাদকমুক্ত, সুন্দর সমাজে পরিণত হয়।




















