চাঁদপুর জেলায় মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী পৃথক দুটি অভিযানে তিনজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৮ জুলাই ২০২৫ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে (০০৪৫ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার আফোরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে মোঃ মাসুদ গাজী (৩৮) ও মোঃ শামীম হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিতে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ৭ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (১৮৪৫ ঘটিকায়) ফরিদগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে মোঃ মোখলেছুর রহমান আপেল (৩২) নামে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকসহ তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চাঁদপুর জেলায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম জোরদার করা হয়েছে। ধারাবাহিক এই অভিযানের মাধ্যমে জেলায় মাদক ও অপরাধ দমনে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।




















