চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২২ জুলাই ভোররাত ১টা ২৫ মিনিটে উপজেলার চরচন্না এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেয় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প।
অভিযানে আটক করা হয় মোঃ নাজিম (২৪) নামের এক যুবককে, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে নিরাপত্তা বাহিনীর পর্যবেক্ষণে উঠে আসে। তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই অভিযানের মাধ্যমে ফরিদগঞ্জে আবারও প্রমাণিত হলো মাদক ব্যবসার বিরুদ্ধে যৌথ বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি। এলাকার জনগণ দীর্ঘদিন ধরে এমন অভিযানের প্রত্যাশা করছিল। অভিযানটি পরিচালিত হয় সম্পূর্ণ পেশাদারিত্ব ও গোপনীয়তার সাথে, যার ফলে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আটক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ নাজিমকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের মাধ্যমে একের পর এক সফলতা অর্জন করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ফরিদগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, মাদক নির্মূলে এই অভিযান চলমান থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।



















