চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
যৌথ বাহিনীর নেতৃত্বে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (১১ আগস্ট ২০২৫) ভোর ৬টা ৫ মিনিটে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে টোরাগড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. দোলোয়ার হোসেন (৩৮) নামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




















