বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে। তাই প্রত্যেককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে।
মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন।
সেনাপ্রধান বলেন, “সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে। কোনোভাবেই প্রতিশোধমূলক কাজে জড়ানো যাবে না।”
তিনি আরও বলেন, “একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই অপরাধে জড়িয়ে পড়ার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। অপরাধে জড়িয়ে পড়লে শুধু তাকে বাড়ি পাঠানো রাষ্ট্রের সম্পদের অপচয়।”
বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে সাম্প্রতিক কটূক্তির প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী। বয়স বাড়লে নিজেরাই ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে।
সেনাপ্রধান আরও উল্লেখ করেন, সেনাসদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নারী নির্যাতনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, তবে কোনোভাবেই মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা হবে না।
দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করায় সেনাদের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।




















