মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক প্রবাসীর পৈতৃক বাড়িতে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেছে। সোমবার বিকেলে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাকদা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাকদা গ্রামের আব্দুর রব বকাউলের ছেলে মেহেদী হাসান, যিনি প্রাথমিকভাবে ফ্রান্সপ্রবাসী হিসেবে পরিচিত ছিলেন, তার ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং লোকজন তার বাড়ির সামনে জড়ো হয়।
বিকেলে বিক্ষুব্ধ জনতা মেহেদীর পৈতৃক বসতঘরে হামলা চালায়। তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে মতলব ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে জানা যায়, মেহেদী হাসান বর্তমানে ফ্রান্স নয়, বেলজিয়ামে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই ঘটনাটি ঘটে।
এ ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।




















