চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৫ হাজার ৮’শ পিস ইয়াবা সদৃশ্য ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় চারজন মাদক কারবারিকে আটক করা হয়। রোববার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সুলতান হাজী বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার মৃত আলী আরশাদের ছেলে হাড্ডি লিটন (৫৫), একই এলাকার ৭নং ওয়ার্ডের মৃত মিলন বেপারীর ছেলে সাগর হোসেন শাহাদাত (৩৫), হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সুমন হোসেন (২৫) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার চাপরান খরাচিপাড়া এলাকার আকতার হোসেন ফারুকের স্ত্রী ইয়াসমিন আক্তার (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা সদস্যদের সহায়তায় হাজীগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। বসতঘরে প্রবেশ করে ইয়াবা সদৃশ্য ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় উপস্থিত এলাকাবাসী ঘটনার সত্যতা প্রত্যক্ষ করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “উদ্ধারকৃত ইয়াবা সদৃশ্য ট্যাবলেটগুলো আসল মাদকদ্রব্য কিনা তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। আটক চারজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন।”
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, হাজীগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কোনো প্রভাবশালী বা চক্রই ছাড় পাবে না।




















