চাঁদপুর সদর উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় অবৈধভাবে রাস্তা দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে বৃহৎ আকারের যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় যৌথ বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান চলাকালীন সময়ে মুন্সিরহাট বাজার এলাকায় স্থাপিত ভ্রাম্যমাণ চেকপোস্টের মাধ্যমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং রাস্তা দখল করে স্থাপিত দোকানপাট উচ্ছেদ করা হয়। এর ফলে দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনাগুলো অপসারণ হয় এবং সাধারণ মানুষের জন্য পথঘাট চলাচল উপযোগী হয়।
উপজেলা প্রশাসন জানায়, এই ধরনের অবৈধ দখলমুক্ত অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সেনাবাহিনীও জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনসহ আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এ অভিযানে স্থানীয় জনসাধারণের মধ্যেও স্বস্তির বাতাবরণ সৃষ্টি হয়। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগের ফলে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।




















