চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় দেশীয় অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩০ আগস্ট) সকালে সীতাকুন্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চারজন সন্ত্রাসীকে আটক করা হয়।
অভিযানে দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ২০টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ওয়াকিটকি ও চার্জার, ১টি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ারসহ অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি।
আটককৃত সন্ত্রাসীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস ও নাশকতা দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















