চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় অবৈধ ও নিম্নমানের মিষ্টি তৈরির কারখানায় যৌথ বাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে চাঁদপুর আর্মি ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মিম বনফুল সুইটস্ নামের একটি কারখানায় নিম্নমানের ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এই কারখানাটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা আইন অমান্য করে নিম্নমানের মিষ্টি উৎপাদন করে আসছিল। এ কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযানের সময় কারখানার বিভিন্ন সরঞ্জাম ও নিম্নমানের উপকরণ জব্দ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর আর্মি ক্যাম্পের কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য সদস্যরা।




















