চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইবনে আল জায়েদ হোসেন। বৃহস্পতিবার সকালে তিনি বাইসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যক্রম পরিদর্শন করেন।
সাধারণ পরিবহন ব্যবহার না করে বাইসাইকেলযোগে পরিদর্শনে আসায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়। অনেকেই ইউএনওর এই উদ্যোগকে পরিবেশবান্ধব ও জনগণের কাছে ঘনিষ্ঠ হওয়ার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়রা জানান, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে আসায় তারা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছেন। এটি সরকারি কর্মকর্তাদের সহজ-সরল জীবনধারা ও দায়িত্ব পালনের প্রতি আন্তরিকতার প্রতিফলন বলে মন্তব্য করেন এলাকাবাসী।




















