চাঁদপুর জেলায় মাদক, অস্ত্র ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকা থেকে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযানে নামে। অভিযানে দক্ষিণ আলগী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মিজি (৩২) কে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয় প্রশাসনের কাছে রয়েছে।
যৌথ বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত জুয়েল মিজিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসাথে উদ্ধারকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রও থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলায় গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযানে এখন পর্যন্ত একাধিক মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও দুষ্কৃতিকারী আটক হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, যৌথ বাহিনীর এ ধরনের নিয়মিত অভিযান মাদক ব্যবসায়ীদের দমনে বড় ভূমিকা রাখছে। এলাকাবাসীর মতে, আইন-শৃঙ্খলা বাহিনীর এ উদ্যোগে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।




















