চাঁদপুরের মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন ও অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সালামত উল্লাহর বসবাস করা পরিত্যক্ত ভবনের রান্নাঘর থেকে বহুদিন আগের একটি পচা ও গলিত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদসহ পুলিশ ফোর্স। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমান। পাশাপাশি তদন্ত কার্যক্রমে অংশ নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, লাশটি বহুদিন আগের এবং সম্পূর্ণ গলিত হয়ে গেছে। পরিচয় শনাক্তে ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কলেজসংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
RK / SAIF




















