চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর কড়া নজরদারিতে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে পরিচালিত হলো ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান। এতে একাধিক মামলার পাশাপাশি আদায় করা হয়েছে জরিমানা। হঠাৎ অভিযান চালানোয় এলাকায় কড়াকড়ি পরিস্থিতি সৃষ্টি হয় এবং চালকদের মধ্যে দেখা যায় শঙ্কা।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সমন্বয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনীর নেতৃত্বে পরিচালিত এ চেকপোস্টে মোট ৯৮টি যানবাহন তল্লাশি করা হয়। এসময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তারা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা রোধে সেনাবাহিনী ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করছে।
অভিযানের সময় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছায়। অনেকেই বলেন, ট্রাফিক আইন মানা না হলে সড়ক দুর্ঘটনা বাড়তে পারে। তাই এই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া সময়োপযোগী উদ্যোগ।
RK / SAIF




















