চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে শুক্রবার সকালে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেসবুকে বিতর্কিত ছবি শেয়ারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করেন, ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় এক মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি প্রকাশ করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে জামায়াতপন্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
তবে মাওলানা ইলিয়াস হোসেন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তাঁর ফেসবুক থেকে অসাবধানতাবশত ছবিটি শেয়ার হয়েছে, পরে তা মুছে ফেলা হয়। তিনি দাবি করেন, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য শুক্রবার সকালে বসার কথা থাকলেও তার আগে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে সন্ধ্যা পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
RK / SAIF




















