ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করার ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের সদস্য পদ তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আমির মো. বিল্লাল হোসেন মিয়াজি।
ঘটনার সূত্রপাত হয় মাওলানা ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অসাবধানতাবশত একটি ছবি শেয়ার হওয়ার মাধ্যমে। পরে তিনি বিষয়টি টের পেয়ে ছবি মুছে দেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তার পরিবারিক মোবাইল ব্যবহার করায় বাচ্চারাও ভুলবশত ওই ছবি শেয়ার করে থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক করে মীমাংসার কথা থাকলেও তার আগেই হামলার ঘটনা ঘটে।
এদিন সকালে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত ২০ জন জামায়াত কর্মী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন পালিশারা গ্রামের ইউনিয়ন আমির হাফেজ আহমেদ, সেক্রেটারি ফয়সাল, মোহাম্মদুপর গ্রামের আমির আনোয়ার হোসেন, সাবেক আমির আবদুল মোতালেবসহ শরীফ, সাদ্দাম, মনু, রাশেদ ও রাজু।
এ ঘটনার নিন্দা জানিয়ে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি এডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন,
“ফেসবুকে অসাবধানতাবশত ছবি শেয়ার হওয়ার পর ইউনিয়ন সভাপতি প্রকাশ্যে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছিলেন। তার পরও হামলা চালানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”




















