চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের ডিংগাভাংগা গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা।
স্থানীয় সাদার বেপারি বাড়ির হাজী মোঃ আলমাছ মিয়াজির ছোট ছেলে ইমান হোসেন মিয়াজি (৩২) রবিবার (৬ অক্টোবর) বিকাল আনুমানিক ৩টার দিকে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে ইমান বাড়ির পাশের বিলের ধারে শাপলা তুলতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় বিলের পানিতে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।ইমানের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, ইমান ছিলেন ভদ্র, নম্র ও পরিশ্রমী এক তরুণ। তার এমন অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে স্থানীয় এক যুবক বলেন,“ইমান ছিলো সবার প্রিয় ছেলে। ওর হাসি আর পরিশ্রমী স্বভাব আজও আমাদের চোখে ভাসে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
ইমান হোসেনের মৃত্যুতে পুরো ডিংগাভাংগা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শোকবার্তার বন্যা।
RK / SAIF




















