দেশব্যাপী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর দক্ষিণ জেলা জাকের পার্টি আয়োজিত ইউনিয়নভিত্তিক এই জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয় শাহরাস্তি বাজারে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর (দক্ষিণ) সাংগঠনিক জেলা জাকের পার্টির সভাপতি ক্বাজী মাহবুবুর রহমান, এবং সঞ্চালনা করেন শাহরাস্তি উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুকবুল আহমেদ মাষ্টার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে শান্তি, স্থিতিশীলতা ও নৈতিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় জাকের পার্টি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। সমাজে ঐক্য, ভালোবাসা ও মানবিকতার রাজনীতি প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মুফতী কাউছার আহমেদ চাঁদপুরী, জাকের পার্টির তালাবা ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
কামরুন্নেছা জামান, চাঁদপুর জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট সভানেত্রী
মিনু আক্তার, জাকের পার্টি ছাত্রীফ্রন্ট সভানেত্রী
হাছান মাহমুদ তুহিন, জাকের পার্টি হাজীগঞ্জ (উত্তর) জেলা সভাপতি
মোঃ মারুফ হোসেন, চাঁদপুর (দক্ষিণ) সাংগঠনিক জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা, ধর্মীয় সহনশীলতা ও মানবিক মূল্যবোধ রক্ষায় জাকের পার্টি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারা সমাজে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি পরিহার করে ঐক্যের বন্ধন গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন,“জাকের পার্টি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়; এটি আদর্শ, মানবতা ও ভালোবাসার আন্দোলন। আমরা চাই শান্তিময় বাংলাদেশ—যেখানে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠিত হবে।”
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকা উদ্দীপনায় ভরে ওঠে।
স্থানীয় জনগণ জানান, এই ধরনের ইতিবাচক ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক কার্যক্রম সমাজে নতুন উদ্দীপনা জাগায়।




















