চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চৈতী রানী দাস (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাচার উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চৈতী রানী দাস সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় মালি বাড়ির নয়ন চন্দ্র দাসের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুল থেকে ফিরে রাস্তার পাশে দোকান থেকে চিপস কিনতে যায় চৈতী। এ সময় দ্রুতগতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ছোট্ট এই শিশুটি।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই চৈতী স্কুল শেষে বাড়ি ফিরেছিল। কিন্তু চিপস কিনতে গিয়ে মুহূর্তেই তার জীবন শেষ হয়ে যায়।
চৈতীর মৃত্যুতে পরিবারের সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে, শোকে আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠেছে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনাকবলিত ট্রলিটি চালাচ্ছিল একই গ্রামের শহর আলীর ছেলে ইসমাইল মিয়া। ঘটনার পরপরই সে পালিয়ে যায়।
খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ট্রলিটি জব্দের চেষ্টা চলছে বলে জানা গেছে।
এক নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে সাচার এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।




















