চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার উত্তর আশিকাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনীর প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উত্তর আশিকাটি এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. আফসার প্রধান (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেস রিলিজে আরও জানানো হয়, চাঁদপুর জেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















