নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তপাদার গেট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিনশেড ঘরে ঢুকে পড়ে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ পরিবহন নামের বাসটি লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। তপাদার গেটের পশ্চিম পাশে পৌঁছালে হঠাৎ চালক ব্রেক কাজ না করার কথা জানান। এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি টিনশেড ঘরে সজোরে ধাক্কা দেয়।
ঘরের ভেতরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে।”
এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সক্রিয়ভাবে অংশ নেন।




















