সত্য, সাহস ও সুন্দর এই মূলমন্ত্রে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, “মানুষ পত্র-পত্রিকার মাধ্যমেই নানান সমস্যার সমাধান খোঁজে। যেমন এই শহরে যানজট একটি নিত্যদিনের সমস্যা। যদি ইচুলী হয়ে ডাকাতিয়া নদীর ওপর একটি ব্রীজ নির্মাণ করা যায়, তাহলে যানজট অনেকাংশে কমে আসবে। এছাড়াও চাঁদপুরে শিশুদের জন্য উপযুক্ত বিনোদন পার্কেরও অভাব রয়েছে। এসব সমস্যার সমাধানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “আমি নিজেও একসময় লেখালেখি করতাম এবং একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করতাম। সমাজ গঠনে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই। আমি নিয়মিত কালবেলা পড়ি এবং পত্রিকাটির সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
প্রধান বক্তা চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা বলেন, “সাংবাদিকদের কাছে মানুষ অতিরিক্ত প্রত্যাশা রাখে। কিন্তু মনে রাখা দরকার, সবাই ঘুমাবে আর শুধু সাংবাদিকরা জেগে থাকবে—তা সম্ভব নয়। তারপরও সাংবাদিকরা সমাজের প্রতিটি ঘটনার সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, এনসিপি জেলা মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারসহ আরও অনেকে।
দৈনিক কালবেলা চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয় এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপু, কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক, শাহরাস্তি প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন, মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী সুমন, ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদের, মতলব দক্ষিণ প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী, দৈনিক মতলবের আলোর প্রতিনিধি হোসেন গাজী ও ইলশেপাড়ের প্রতিনিধি আল আমিন ছৈয়াল প্রমুখ।
বক্তারা আশা প্রকাশ করেন, আগামীতেও দৈনিক কালবেলা জনগণের প্রত্যাশা পূরণে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতা অব্যাহত রাখবে এবং পাঠকসমাজকে নির্ভরযোগ্য সংবাদ উপহার দিতে থাকবে।




















